
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হতি। তিনি আইসোলেশনে আছেন।

রবিবার রাতে তিনি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আজ আমি কভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন।
হতি বলেন, ‘সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর কোনো উপসর্গ নেই।’
জুন মাসের শুরুর দিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এএফপি জানায়, বলকানের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। এটি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল।
প্রায় ১৮ লাখ জনসংখ্যার এ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার।
…বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




