
নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৭ জন। আর নতুন শনাক্ত হয়েছেন ৪১ জন।

৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এটাই প্রথম সর্বোচ্চ রোগী শনাক্ত করা হলো। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা ১৬৪ জন।
মঙ্গলবার (৭ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন শনাক্তের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৩ জন নারী।
সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ২০ জন রয়েছেন। ঢাকার বাইরে নারায়ণগঞ্জকে আমরা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের।
তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লা, কেরানীগঞ্জ এবং চট্টগ্রামের একজন করে রয়েছেন। বাকি তিন জন অন্যান্য এলাকার। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার ও নারী একজন। মৃতদের মধ্যে ৬০-এর বেশি বছরের দুই জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন এবং ৪১ থেকে ৫০-এর মধ্যে একজন রয়েছেন। মৃতদের দুই জন ঢাকার, তিন জন বিভিন্ন জেলার।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বলে জানান অধ্যাপক সেব্রিনা ফ্লোরা।
…বাসাইলসংবাদ/ ০৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




