
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯:

নিউজ ডেস্ক : টেস্টের বিশ্বকাপ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই উড়িয়ে দিয়ে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বিরাট কোহলির দল। তবে জিতেও সমালোচকদের কটু কথা থেকে রেহাই পাননি ভারতীয় অধিনায়ক। তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নন, কঠিন জবাব দিয়েছেন কঠোর সমালোচনার।
প্রথম টেস্টে ভারত জিতেছে ৩১৮ রানের বিশাল ব্যবধানে। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই পাত্তা পাননি ক্যারিবীয়রা। তবে দল নির্বাচনের কারণে সমালোচনা মুখে পড়তে হয়েছে কোহলিকে। উইন্ডিজদের বিপক্ষে বিশ্বকাপে দুর্দান্ত খেলা রোহিত শর্মাকে রাখেননি, রাখেননি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও। এই নিয়ে সাবেক ক্রিকেটাররা কোহলির সমালোচনা করেন।
সাবেকদের সমালোচনার জবাব দিতে দেরি করেননি কোহলিও। ‘দলের স্বার্থ মেনেই প্রথম একাদশ গড়া হয়। সব সময় দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কোন ১১ জন খেললে সব চেয়ে ভাল ফল পাওয়া যাবে। আমাদের একাদশ নিয়ে অনেকেই তাদের মতামত দিতে পারেন, কিন্তু এটাও জেনে রাখা দরকার দলীয় স্বার্থ না মেনে প্রথম একাদশ গড়া হয় না।’
রোহিত শর্মার পরিবর্তে হনুমা বিহারী ও অশ্বিনের পরিবর্তে জাদেজাকে খেলিয়েছেন কোহলি। দুজনই দুর্দান্ত পারফর্ম করেছেন।
‘দলের ভারসাম্য বজায় রাখার জন্য রোহিতের আগে হনুমাকে বেছে নেওয়া হয়। ভাল ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট-টাইম বোলিংও করে দেয়। স্লো ওভার রেটের সময় ওকে দিয়ে বল করিয়ে নেওয়া যায়’-রোহিত শর্মাকে দলে নেওয়ার না ব্যাখ্যায় একথা বলেন কোহলি।
বাসাইলসংবাদ/একেবি




