
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয়ে হামলা চালিয়ে ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার এই হামলা চালানো হয়।
এই ঘটনায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সোসাকি টুইট বার্তায় বলেন, ‘আমরা সরাসরি ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করেছি। জানিয়েছি, সাংবাদিক ও স্বাধীন গণমাধ্যমের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা প্রধান দায়িত্ব।’

হামলার পর আল জাজিরার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আল জাজিরাকে নীরব করা যাবে না। সে বিষয়ে এখন আমরা গ্যারান্টি দিতে পারি।’
এ বিষয়ে এপির প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইট বলেন, ‘এটি একটি অবিশ্বাস্যভাবে গোলমেলে ঘটনা। অল্পের জন্য আমাদের কোনো প্রাণ হারাতে হয়নি।’
ইসরায়েলের বিমান হামলায় কিছুক্ষণের মধ্যেই ভবনটি মাটির সাথে মিশে যায়। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় ভবনের চারপাশ।
আল জাজিরার সংবাদকর্মী সাফওয়ান আল কাহালুত বলেন, ‘আমি ওই ভবনে ১১ বছর কাজ করেছি। ভবনটির ছাদ থেকে বহু লাইভ সম্প্রচার করেছি আমরা। চোখের সামনে তিনটি ক্ষেপণাস্ত্র এসে ভবনটিতে আঘাত করে। এরপরই হুড়মুড়িয়ে ধসে পড়ে। দুই সেকেন্ডের মধ্যে সবকিছুই শেষ হয়ে গেল।’
এর আগে এই হামলার বিষয়ে ইসরায়েলের বিমান বাহিনী টুইট করে দাবি করে, ওই বহুতল ভবনটি মানবঢাল হিসেবে ব্যবহার করা হতো। সেখানে হামলার আগে সতর্ক করা হয়। হামাসের সশস্ত্র গোয়েন্দা শাখার সরঞ্জাম ওই ভবনে রাখা হতো।
আল জাজিরার খবরে বলা হয়েছে, টানা ষষ্ঠ দিনের মতো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ১৬ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




