
নিউজ ডেস্ক : ঢাকার নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বেনাপোল সীমান্তে। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে সীমান্তের রঘুনাথপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করে।

বিজিবি জানিয়েছে, নিখোঁজ দৈনিক পক্ষকাল-এর সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে শনিবার রাতে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করেছে বিজিবি।
এর আগে গত ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হয় শফিকুল ইসলাম কাজল। পরদিন ১১ মার্চ শফিকুলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন ঢাকার চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।
বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আছের আলী জানান, বিজিবি সদস্যরা রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধভাবে একজন ফিরছে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে (১১-সি) ধারায় মামলা দিয়ে পুলিশে দেয়।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আজ রোববার ভোররাত ৪টার দিকে বিজিবি শফিকুল ইসলাম কাজলকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ভারত থেকে অবৈধভাবে দেশে আসার অভিযোগে বিজিবি মামলা করেছে। তিনি পুলিশ হেফাজতে থানায় আছেন। আজ তাকে আদালতে নেওয়া হবে।
এদিকে, গতকাল শনিবার দিবাগত রাতে ওই সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে বাবার সঙ্গে তার কথা হয়েছে। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ভালো আছেন বলে জানান। আজ ঢাকা থেকে বাবাকে (শফিকুল ইসলাম) আনতে যাচ্ছেন বলেও জানান মনোরম পলক।
জানা গেছে, ৫০ বছরের শফিকুল ইসলাম কাজল একজন ফটোগ্রাফার এবং দৈনিক পক্ষকালের সম্পাদক। ২০২০ সালের ৯ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শিখর ডিজিটাল নিরাপত্তা আইনে শেরে বাংলা থানায় শফিকুল ইসলাম কাজলসহ আরও ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পরদিন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
…বাসাইলসংবাদ/ ০৩ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




