
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে একাত্তরের যুদ্ধে অংশগ্রহণকারী অবহেলিত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের বাসস্থানের স্থায়ীবন্দোবস্ত এবং আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বসতভিটা উচ্ছেদবন্ধের আইন প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকালে উপজেলার নলুয়া মন্দিরপাড় এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র সংখ্যালঘু আদিবাসী সংগঠন এবং ৭১ এর অবহেলিত মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র সংখ্যালঘু আদিবাসী সংগঠন এবং ৭১ এর অবহেলিত মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্যাসী রমেশ কুমার কোচের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এমও গণি, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, যাদবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম, রফিকুল ইসলাম, বাবুল চন্দ্র সরকার, ইউসুফ আলী, ফজিলা আক্তার, জাহানারা পারভীন, মনির হোসেন, আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও সংবাদ সম্মেলনে অবহেলিত মুক্তিযোদ্ধা তাদের পরিবার ও আদিবাসী নেতারা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন. দেশস্বাধীন হয়েছে ৫২বছর। এখনও ৭১-এ যুদ্ধে অংশ নেয়া সখীপুরসহ সারাদেশে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। বহু মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় স্বীকৃতি না পেয়ে মানবেতর জীবনযাপন করেছেন এবং অনেকে মৃত্যু বরণ করেছেন। এই ৫২ বছরেও রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি। তারা অবিলম্বে ওইসব অবহেলিত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও তাদের স্থায়ী বন্দোবস্তের দাবি করেন। এছাড়াও বনবিভাগ কর্তৃক আদিবাসীদের বসতভিটা উচ্ছেদবন্ধের আইন প্রণয়নের দাবিও জানান।
বাসাইলসংবাদ, ৩১ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




