
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে হত্যা মামলায় মজিদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুরুজ সরকার এই রায় দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌশুলী (এপিপি) মনিরুল ইসলাম খান এতথ্যটি নিশ্চিত করেছেন।

মনিরুল ইসলাম খান জানান, জেলার ভূঞাপুর উপজেলায় ২০১৭ সালের ২৭ জানুয়ারি জমি নিয়ে মজিদের সাথে নওশের আলীর ঝগড়া হয়। সেসময় কোদালের আঘাতে এক পর্যায়ে নওশের আলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার ছেলে শহিদুল ইসলাম বাদি হয়ে মজিদ, আব্দুর রহিম ও রহিমাকে আসামীকে করে ওই বছরের ২৭ জানুয়ারি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন-অর-রশিদ ওই বছর ১০ মে মজিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর দুই আসামী আব্দুর রহিম ও রহিমাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি আদালত আমলে নেয়। মামলায় ১৫ জন স্বাক্ষীর আদালতে স্বাক্ষ্য উপস্থাপন, পরীক্ষা ও জেরা শেষে রায় ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ, ১৮ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




