
নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম আবার বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

শুক্রবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের (ইআরএল) পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আওয়ামী লীগ সরকার সবসময় সাধারণ জনগণের স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেয়। যতোদিন সম্ভব ছিল ততোদিন সরকার জ্বালানি তেলের মূল্য বাড়ানোর চিন্তা করে নাই। এখন অনেকটা নিরুপায় হয়ে জ্বালানি তেলে দাম কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০১৬ সালের এপ্রিলে সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের দাম অনুযায়ী জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হবে।
উল্লেখ্য যে, এর আগে গত বছরের নভেম্বরে ডিজেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার।
বাসাইলসংবাদ/ ০৬ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




