
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২০ বছর পর হতে যাচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সোমবার (৬ জুন) অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এর আগে সর্বশেষ বিগত ২০০২ সালে সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর বিগত ২০০৫ সালে গঠন করা হয় আহবায়ক কমিটি। এরপর থেকেই কয়েক দফায় আহবায়ক কমিটি পুনঃগঠন মেয়াদ বৃদ্ধি করা হলেও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।

দীর্ঘ ২০ বছর পর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সম্মেলনস্থল উপজেলা সদরের ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রস্তুতের কাজ সম্পন্ন করা হয়েছে। অতিথিদের বরণ করতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। বিলবোর্ড, ব্যানার ও পোস্টারে ছেঁয়ে গেছে উপজেলা সদরের অলিগলি। সম্মেলনের মাধ্যমে কে হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সে বিষয়ে রয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা।
সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পাকুটিয়া স্কুল কলেজের অধ্যক্ষ জেবুনেসা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. খলিলুর রহমান তালুকদার এর নাম শোনা গেলেও সাধারণ সম্পাদক পদের প্রার্থীতা ঘোষনা করে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়ন যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, আনেহলা ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার মো. শাজাহান, সাগরদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেকমত সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিং, যুবলীগ নেতা সুমন খান বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন আরজুসহ ৮ জন।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খানসহ দলের কেন্দ্রীয় ও জেলার নেতারা সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৩ জুন ঘাটাইল উপজেলা শাখার সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার খবরে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দলের সকল পর্যায়ের নেতাদের অংশগ্রহণে সম্মেলন সফল হবে বলে আশা করি।
আনেহলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার শাহজাহান বলেন, সম্মেলনে দলের ভিতরের বিভাজন দূর করে কেন্দ্রিয়, জেলা, উপজেলার নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা সঠিক নেতৃত্ব বেছে নিবেন বলে বিশ্বাস করি।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু জানান, কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের পরামর্শে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এবারের সম্মেলনের তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়িত করে কমিটি গঠন হবে বলে আশা করছি।
বাসাইলসংবাদ/ ০৫ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




