
অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভে তোপের মুখে পড়েছেন সরকারদলীয় রাজনীতিবিদরা। তবে এ থেকে রেহাই পাচ্ছেন না সরকার সমর্থকেরাও। এমনই এক সরকার সমর্থককে ধরে ময়লা নেওয়ার গাড়িতে ফেলে দিয়েছেন বিক্ষোভকারীরা।

গতকাল সোমবার শ্রীলঙ্কা টুইট নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওতে এ চিত্র দেখা গেছে। এতে দেখা যায়, সরকারপন্থি এক ব্যক্তিকে ধরে ময়লার গাড়িতে ফেলে দিচ্ছে একদল বিক্ষোভকারী। এ সময়, বিক্ষোভকারীদের মধ্য থেকে বলতে শোনা যায়, এটাই কলম্বো।
ওই একই হ্যান্ডেল থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের তাড়া খেয়ে হৃদে ঝাঁপ দিচ্ছেন প্রধানমন্ত্রীর সমর্থকরা।
উল্লেখ্য, গতকাল সোমবার চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। এরপর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে এক এমপির মৃত্যু হয়েছে, অপর এক এমপি আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এদিন শ্রীলঙ্কায় অন্তত অর্ধশতাধিক রাজনীতিবিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তাঁর সরকারি বাসভবনের চারপাশের এলাকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সোমবার জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী কারফিউ মঙ্গলবার সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাসাইলসংবাদ/ ১০ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




