
নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘করোনার সময় আমরা আড়াই বছর সাংগঠনিক কোনও কাজ করতে পারিনি। করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দ্রুতই দলীয় কার্যক্রম সক্রিয় করবো। গত নির্বাচনের সময় আমাদের কয়েকশ’ কর্মীর ওপর মিথ্যা মামলা দিয়েছিল। কয়েকজন গ্রেফতারও হয়েছিল। যেভাবেই হোক কর্মীদের শ্রমে আমি অভিভূত। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলা মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারকে সবসময় ভাবতে হবে, আমি সরকার থেকে কখন চলে যাবো। মানুষের মৃত্যু যেমন অবধারিত, সরকার থেকে একদিন চলে যেতে হবে সেটাও অবধারিত। মানুষকে কিছু দিতে না পারলেও অন্তত সম্মান দিতে হবে। তাহলেই মানুষ খুশি হবে।
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যতটুকু কাজ করবে, গুরুত্ব দিয়ে করবে। আমি টাকা-পয়সা উপার্জনের জন্য রাজনীতি করি না। আমি নেতা হওয়ার জন্য রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করার জন্য রাজনীতি করি। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার বিশ^াস দেশের জন্য কিছু করার জন্যই বাঁচিয়ে রেখেছেন।
জেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীরা। আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বাসাইলসংবাদ/ ১৮ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




