
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে একটি পাটের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্ধ করেছে র্যাব। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার ছিলিমপুর বাজারের একটি গুদাম থেকে এ চাউল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে র্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল (৬০) ও একই উপজেলার চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সোহেল (২৮)।
র্যাব কমান্ডার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছিলিমপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের সেকান্দরের পাটের গুদামে পাচারের উদ্দেশ্যে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্ধ করা হয়। এছাড়াও মিনি ট্রাকে রাখা আরও ৫০ বস্তা চাল জব্ধ করা হয়। এসময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৯ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




