
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘শত জুলুম ও নির্যাতনের মধ্যেও আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, এ দল ও দলের নেতাকর্মীরা কোনোদিন দেশ এবং জনগণকে ছেড়ে পালাবে না। আওয়ামী লীগের ভিত্তি ও শক্তি হলো দেশের জনগণ। বুধবার (১৩ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘পালাবেন তো আপনারা। আপনাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান বিদেশে পালিয়ে থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দল চালাচ্ছে। আপনারা কোনোদিন এ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না।’
তিনি বলেন, ‘বিএনপি সবসময়ই পলায়নপর দল। দেশ ও দেশের মানুষের কল্যাণে ও দুঃসময়ে তারা কখনই এগিয়ে আসেনি। দলটি প্রতিষ্ঠিত হয়েছিল বন্দুকের নলের মুখে ক্যান্টনমেন্টে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জনগণের কল্যাণে তারা কখনো কোনো কাজ করেনি। ধনী-বণিক ও সুযোগসন্ধানীদের জন্য কাজ করেছে। বিএনপি সবসময়ই জনবিচ্ছিন্ন ছিল, এখনও জনবিচ্ছিন্ন, ভবিষ্যতেও থাকবে।’
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের দায়িত্ব নেয়ার পর থেকে শত বিপদ ও প্রতিকূলতার মাঝেও জনগণের পাশে রয়েছেন। কখনই মাথা নত করেননি। দেশের মানুষকে ছেড়ে কখনই পালিয়ে যাননি, ভবিষ্যতেও কখনও পালাবেন না। দেশের আপামর জনগণ তার পাশে রয়েছে।’
এসময় ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাসাইলসংবাদ/ ১৩ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




