
ক্রীড়া ডেস্ক : বিশ্বব্যাপী করোনার সংক্রমণের মাঝেও স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা চলছে। ফুটবলও তারই একটি অংশ। করোনার কারণে বায়ো-বাবল কিংবা কঠোর স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে বিভিন্ন লিগের পাশাপাশি হচ্ছে আন্তর্জাতিক ম্যাচও। তবে লিগ ছেড়ে জাতীয় দলে খেলতে গেলেই পোহাতে হচ্ছে বাড়তি কোয়ারেন্টিন অসুবিধা। যার কারণে ক্লাবগুলোও ছাড়তে চাচ্ছে না ফুটবলারদের।
সেপ্টেম্বরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ব্রাজিল যে দল ঘোষণা করেছিল, তার মধ্যে ৯ জনই ছিলেন ইংলিশ লিগের। কোয়ারেন্টিন সমস্যার জন্য তাদের ছাড়তে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ। তাতে মূল একাদশের নয়জনকে রেখে বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলেছিল সেলেসাওরা।

একই সমস্যায় পড়তে হয়নি আর্জেন্টিনাকে। তাদের ফুটবলারদের ক্লাবগুলো যেতে দেওয়াতে কোয়ারেন্টিন এড়াতে ক্রোয়েশিয়া হয়ে খেলতে গিয়েছিল তারা। ইংল্যান্ড যেহেতু লাল তালিকাভুক্ত, সেকারণে ক্রোয়েশিয়া হয়ে যাওয়াতে কোয়ারেন্টিনে পড়তে হয়নি আর্জেন্টিনার মূল গোলরক্ষকসহ চার ফুটবলারকে। যদিও ব্রাজিলের মাটিতে খেলতে গিয়ে ঠিকই বিতর্কের মুখে পড়েন তারা। পরে ম্যাচটি স্থগিত করে ফিরে আসেন মেসিরা।
এবার অক্টোবর বাছাইয়ের তিন ম্যাচেও সেই নয় জনের আটজনকে রেখে স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিলের কোচ তিতে। শুরুতে পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও যেকোনো মূল্যে তাদের পাওয়ার জন্য প্রচেষ্টা শুরু করে ব্রাজিল। অবশেষে সেই আশার দুয়ারে সুখের হাওয়া বইলো। ইংলিশ প্রিমিয়ার লিগ ঘোষণা দিয়েছে, ইংল্যান্ডের লাল তালিকায় থাকা দেশের খেলোয়াড়েরা এই মাসের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের জাতীয় দলে খেলার জন্য ছাড়পত্র পাচ্ছেন।
গতকাল পর্যন্ত লাল তালিকায় ছিল আর্জেন্টিনাও। কিন্তু আজ থেকে তাদের ওপর নিষেধাজ্ঞা উঠে গেছে। বাকি রইলো ব্রাজিল। যদিও ইংল্যান্ড সরকার জানিয়েছে দুই ডোজ টিকা নেওয়াদের যাতায়াতে কোনো বাধা নেই। তবে ফিরলে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টিন এসময় কিভাবে অনুশীলন ও খেলা চালিয়ে যাবে তারও একটি গাইডলাইন দিয়েছে তারা। তবে সব কথার বড় কথা হচ্ছে সেপ্টেম্বরে না পেলেও চলতি মাসের তিন ম্যাচ ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে ইংল্যান্ডের ফুটবলারদের পাচ্ছে ব্রাজিল।
বাসাইলসংবাদ/ ০২ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




