
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি ডেঙ্গুরোগের বাহক এডিস মশা নির্মূলের জন্য মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে পৌর এলাকার বাসস্ট্যান্ড চত্তরের বিভিন্ন নালা এবং মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গাগুলোতে ঔষধ ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন, মেয়র আব্দুর রহিম আহমেদ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পুরুষ এবং মহিলা কাউন্সিলর উপস্থিত ছিলেন।

মেয়র আব্দুর রহিম আহমেদ বলেন, ‘করোনাকালীন এই সময়ে পৌর এলাকার এডিস মশা নির্মূলের জন্য আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। এডিস মশা নির্মূলের জন্য কোরিয়ান কোম্পানীর থেকে ওষুধ আমদানি করা হয়েছে। ২টি ফগার এবং ২টি স্প্রে মেশিনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৪টি পাড়া ও মহল্লায় টানা ১৫দিন এই কর্মসূচি চলমান থাকবে। এসব এলাকার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মিয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, মার্কেটসহ রাস্তাঘাটের যেসকল এলাকায় এডিস মশার বিস্তার ঘটতে পারে এমনস্থানে ঔষধ স্প্রে করা হবে।’
ইউএনও মনজুর হোসেন পৌরবাসীকে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে অনুরোধ করে বলেন, করোনাকালীন এই সময়ে বর্ষার মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে পৌরবাসীকে নিরাপদ রাখতেই এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
বাসাইলসংবাদ/ ২৯ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




