
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১৩টি নমুনা পরীক্ষায় ৭০জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার আক্রান্তের শতকরা হার ৩২.৮৬ শতাংশ। যা গত এক মাসে সর্বোচ্চ। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) বিকেলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে।
ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৯জন, নাগরপুরে ১জন, দেলদুয়ারে ৫জন, মির্জাপুরে ১জন, কালিহাতীতে ২১ জন, ঘাটাইলে ১জন, মধুপুরে ও ভূঞাপুর উপজেলায় রয়েছে ১জন।
তিনি আরও জানান, ‘টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলা উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থার ট্রানজিট পয়েন্ট হওয়ায় এ দুই উপজেলায় করোনা শনাক্তের হার অন্য উপজেলাগুলোর তুলনায় অনেক বেশি। ইতোমধ্যে কালিহাতী উপজেলায় দুই দফায় ৩৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলাকেও কড়া নজরদারীতে রাখা হয়েছে।’
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৩০৮ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ যাবৎ ৩৪০জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৪ জন। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে ৬০ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ বেডে বর্তমানে ৬জন ও জেনারেল বেডে ১১জনসহ মোট ১৭ জন করোনা ডেডিকেডেট ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




