
নিউজ ডেস্ক : সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি ‘তথ্যভিত্তিক নয় এবং এটা হলুদ সাংবাদিকতা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে এমন প্রতিবেদনকে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ’ বলেও আখ্যা দেন তিনি।
বুধবার দুপুরে রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল-জাজিরা বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। একটি গোষ্ঠীর প্ররোচনায় নেমেছে আল জাজিরা।’
এ সময় মিয়ানমার ইস্যুতে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মিয়ানমারের সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, করোনার কারণে মদ আমদানি বন্ধ, যে কারণে ভেজাল মদের উৎপাদন বেড়েছে। তবে, অসাধু ব্যবসায়ীদের অনেকে ইতোমধ্যে ধরা পড়েছে আর বাকিদের ধরতে ডিবি পুলিশ কাজ করছে।
অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কামাল উদ্দিন আহমেদসহ পুলিশ ও নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৩ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




