
ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালেদোকে হটিয়ে ২০২০ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতেছেন রবার্ট লেভান্ডভস্কি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হলেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। গত বছরের ২০ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় গত ২৫ নভেম্বর বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। এরপর গত শুক্রবার সংক্ষিপ্ত তালিকা তিন জনে নামিয়ে আনা হয়। মেসি ও রোনালদোর সঙ্গে এ তালিকায় ছিলেন লেভানদোস্কি।
দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড জয়ের পর লেভানদোস্কি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমার, আমার ক্লাব এবং সহকর্মীদের জন্য একটি দুর্দান্ত দিন।’
বায়ার্নের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অগ্রণী ভূমিকা ছিল লেভানদোস্কির। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন পোলিশ এই ফরোয়ার্ড। দলটির বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার। সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলে ইউরোপের সেরা পাঁচ লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে গত মৌসুমে ১৬টি গোল বেশি করেন লেভানদোস্কি।
বাসাইলসংবাদ/ ১৮ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




