
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে চাঁদাবাজি মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদারসহ ৫জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (সখীপুর) আদালতে ৭ আসামির মধ্যে ৬জন আত্মসমর্পণ করেন। দুই পক্ষের আইনজীবির শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন আক্তার জামিন না মঞ্জুর করে তাদের মধ্যে ৫জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবি আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলা শ্রমিক লীগের সভাপতি পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আবু বকরের ছেলে বাচ্চু সিকদার (৫৫), একই ওয়ার্ডের মৃত হুরমুজ আলীর ছেলে শামসুল হক (৫৪), তার ভাই রউফ সিকদার (৫০), আবুল হোসেনের ছেলে আবুল কাশেম (৪৫) এবং মৃত ইসমাইল সিকদারের ছেলে জেলহক সিকদার (৪৪) ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মৃত পাঞ্জু সিকদারের ছেলে সামাদ সিকদার ২০১৯ সালে তার ক্রয়কৃত জমিতে সখীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের পাঁচতারা মার্কেটের দ্বিতীয় তলায় নির্মাণকাজ শুরু করেন। ওই সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার ও তাদের লোকজন জোরপূর্বক দখল ও চাঁদাদাবি করে। পরে সামাদ সিকদার বাদি হয়ে বাচ্চু সিকদারসহ ৭জনকে আসামি করে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (সখীপুর) আদালত মামলা দায়ের করেন।
বাসাইলসংবাদ/ ২৪ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




