
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত যুবক মাসুদের (২০) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলাম তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি দেলদুয়ার উপজেলার সিংহরাগি গ্রামের নুরুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে মাসুদকে পুলিশ গ্রেপ্তার করে। এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।

দেলদুয়ার থানার এস,আই মামলার আইও মনোয়ার হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুল হক ভূইয়া জানান, গত মঙ্গলবার ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদি হয়ে গ্রেপ্তারকৃত মাসুদসহ আরো অজ্ঞাত দুই জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ বুধবার বিকেলে মাসুদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্য দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিকুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। গাইনী বিভাগের চিকিৎসক রেহেনা পারভীনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম তার পরীক্ষা করেন।
প্রসঙ্গত, দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ অভিযোগ উঠে। এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে মাসুদসহ অজ্ঞাত আরও দুইজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বুধবার বিকেল মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বাসাইলসংবাদ/ ২৪ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




