
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া ব্রিজ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গণি। উপজেলার গয়হাটা-সিংজোড়া সড়কের ঘুণী খালের উপর স্থাপিত ব্রিজ বন্যার পানির স্রোতে মঙ্গলবার রাতে ভেসে যায়। পরে ভেসে যাওয়া ব্রিজটি বুধবার দুপুরে পরিদর্শন করেন জেলা প্রশাসক ।

ব্রিজটি পরিদর্শনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক জনসাধারনের আপদকালীন সময়ে চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে তাগিদ দেন। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী প্রকৌশলীকে বন্যা পরবর্তী সময়ে দ্রুত ব্রিজটি নির্মাণ করে দেওয়ার জন্য বলেন তিনি। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমুখ।
ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে সিংজোড়ায় অবস্থিত স্কুল, কলেজ, হাট, বাজার ও পার্শ্ববর্তী শ্যামপুর, তেহালিয়া, বাটরা সহ বিভিন্ন এলাকার জনসাধারনের সরাসরি উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
…বাসাইলসংবাদ/ ২২ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




