
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। শনিবার (১৬ মে) সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাত শতাধিক শ্রমিকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সভাপতি মো. ইকবাল হোসেন, জেলা বাসমিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল হক পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার প্রমুখ।

খাদ্যসামগ্রী হিসেবে তাদের প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি সেমাই, এক কেজি চিনি ও এক লিটার সয়াবিন তেল দেওয়া হয়।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার বলেন, ‘করোনাভাইরাসের কারণে পরিবহন বন্ধ থাকায় বাস শ্রমিকদের চলতে খুব কষ্ট হচ্ছিলো। পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হলো সেটি শ্রমিকদের অনেক উপকার হবে।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে গাড়ির চাকা ঘুরছে না। ফলে পরিবহন শ্রমিকরা কষ্টে দিন পার করছেন। পরে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করার উদ্যোগ নিই। তারই ধারাবাহিকতায় সাত শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, এরআগেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছয় হাজার শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
…বাসাইলসংবাদ/ ১৭ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




