
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে লকডাউন নির্দেশ অমান্য করে সংঘবদ্ধভাবে ঘোরাফেরা ও দোকান খোলা রাখার দায়ে ১৭ জনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও মির্জাপুর উপজেলায় টাঙ্গাইল র্যাব-১২ এর পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানুর জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাইম মোহাম্মদ তালাত জানান, ‘অপরাধ দমনের পাশাপাশি টাঙ্গাইলে র্যাবের পক্ষ থেকে মহামারি করোনাভাইরাসের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে র্যাবের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লকডাউন নির্দেশনা অমান্য ও সামাজিক দূরত্ব বজায় না রেখে সংঘবদ্ধভাবে ঘোরাফেরা করায় ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এছাড়াও মির্জাপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এসময় লকডাউন নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
…বাসাইলসংবাদ/ ১৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




