
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সন্দেহে জঙ্গলে ফেলে যাওয়া সেই নারী করোনায় আক্রান্ত নন। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম এ তথ্য জানিয়েছেন।

ডা. শাহীনুর আলম বলেন, ‘মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর আজ বুধবার তার ফলাফলে নেগেটিভ এসেছে। তার শরীরে করোনা ধরা পড়েনি। তিনি অসুস্থ থাকায় তারপরও তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গভীর রাতে ওই নারীকে জঙ্গলে ফেলে যান তার সন্তান ও স্বজনরা। গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন ওই নারী। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ওই নারীর কাছে যেতেও সাহস পাচ্ছিলেন না। সোমবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই ইউএনও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ও পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারীর নাম মাজেদা বেগম (৫০)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
…বাসাইলসংবাদ/ ১৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




