
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়ম ও ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার অপরাধে ছাত্রলীগের সাবেক সভাপতি ডিলার আরিফ সরকারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তার লাইসেন্স বাতিল করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ের ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন।

আরিফ সরকার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাপিয়াচালা বিক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডিলারের দায়িত্বে ছিলেন।
জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাপিয়াচালা বিক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডিলার আরিফ সরকার গত ৫ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা হিসেবে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রির জন্য ১৫ মেট্রিকটন চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। প্রতি মাসের চার সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার খোলা বাজারে তালিকাভূক্তদের মধ্যে বিক্রয়ের কথা। কিন্তু গত বুধবার সাপিয়াচালা বিক্রয়কেন্দ্রে ৫০-৬০ জনের কাছে বিক্রি করে দোকান বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আজ সোমবার (১৩ এপ্রিল) ওই বাজারের বিক্রয়কেন্দ্রে গিয়ে হতদরিদ্র তালিকাভূক্তরা চাল কিনতে গিয়ে ফিরে যায়। বিষয়টি তারা প্রশাসনকে অবহিত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, ওই ছাত্রলীগ নেতা বাকি সব চাল কালো বাজারে বিক্রি করে দিয়েছেন। চাল কমদামে স্থানীয় অনেক প্রভাবশালী ও বিত্তবানরা কিনে ব্যবসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘ওজনে কম, বিক্রিতে অনিয়ম ও তালিকাভূক্ত হতদরিদ্রদের সঙ্গে প্রতারণার দায়ে সাপিয়াচালা বিক্রয় কেন্দ্রের ডিলার আরিফ সরকারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




