
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের পুরানো তার পরিবর্তন করার টাকা না দেওয়ার অপরাধে আমিনুল ইসলাম (৩০) নামের এক যুবককে পিটিয়ে যখম করার অভিযোগ উঠেছে। উপজেলা দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ (বিএসসি)’র নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ করেছে তার বাবা নূরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাড়িয়াপুর আবাদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আমিনুল ইসলাম কলা বিক্রি করে বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে তার গতিরোধ করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বিএসসি। তিনি ওই যুবকের কাছে বিদ্যুতের পুরানো তার পরিবর্তন করার টাকা দাবি করে। টাকা না দিতে পারায় দু’জনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আজিজ বিএসসি’র সাথে থাকা লিটন, শিমুল, তিনজনে মিলে তাকে কিল-ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে যখম করে। এসময় আজিজ বিএসসি তার স্বজনদের খবর দিলে তারও দৌঁড়িয়ে এসে আমিনুলকে মারপিট করে।
এ সময় আমিনুলের স্ত্রী, মা, ও তার বাবা দৌঁড়ে এসে আজিজ বিএসসি’র কাছে টাকা দেওয়ার সময় চেয়ে অনুনয় বিনয় করলেও আমিনুল ইসলামকে ওরা মারপিট করে। আহত অবস্থায় তাকে ওইদিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আমিনুল ইসলামের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আমিনুলের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘আমরা স্বামী বিদ্যুতের তারের টাকা দিতে পারে নাই বলে আব্দুল আজিজ স্যার আমার স্বামীকে তার লোকজন নিয়ে পিটিয়ে আধামরা (অর্ধমৃত) করে। আমার স্বামীকে মারধর করা দেখে আমি স্যারের পায়ে ধরেও কানছি, টাকা দিব বলে স্বীকার করছি তবুও ওরা শুনলো না। আপনারা (সাংবাদিক) আমাদের এলাকায় গিয়ে সবার কাছে শুনেন আমার স্বামীর ভুল পাইলে আরো মারেন, না হলে ওই আজিজ স্যারের বিচার করেন।
ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, ‘সামান্য বিষয় নিয়ে ছেলেটাকে প্রচন্ড মারধর করা হয়েছে। এটা ঠিক করেনি ওরা। বিষয়টি নিয়ে এলাকায় বসার প্রস্তাব পাঠিয়েছে দেখি কি করা যায়।’
দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শাহাবুদ্দিন (এস.এ) আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বিএসসি বলেন, আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করায় আমিনুলের সাথে অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে। তবে আমি তাকে মারধর করেনি। আমি সবাইকে ফিরিয়েছি।
অভিযোগের তদন্তকর্মকর্তা (এসআই) ওমর ফারুখ মারামরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এলাকায় গিয়ে এ ঘটনা তদন্ত করে মামলা নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
…বাসাইলসংবাদ/২৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




