
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ১০০৪টি ভূমিহীন পরিবারের মাঝে প্রায় ৭৩ একর সরকারি খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার মহেড়া ইউনিয়ন ভূমি অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীন পরিবারগুলোর হাতে খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত দলিল হস্তান্তরের শুভ সূচনা করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশীদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হক, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. মাঈনুল হক বলেন, ‘মির্জাপুরে যোগদানের পর থেকেই প্রথমে উপজেলার সকল খাস জমি চিহ্নিত করার কাজ শুরু করি। এরপর আবেদন গ্রহণ ও পরবর্তীতে তা যাচাই-বাছাই পূর্বক প্রকৃত ভূমিহীনদের মাঝে এই খাস জমি বন্দোবস্তের সর্বোচ্চ চেষ্টা করেছি। ৫টি গ্রামকে ভূমিহীনমুক্ত গ্রাম হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছে।’
বিনাখরচে জমি পেয়ে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খাস জমিপ্রাপ্ত সুবিধাভোগীরা।
…বাসাইলসংবাদ/ ১৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




