
নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় রাতে পুলিশের হাতে গ্রেফতার হন উজ্জ্বল মিয়া। আর সকালে তার ছেলে বিল্পব মিয়ার (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া গ্রামে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিল্পবের মামা জুয়েল মিয়া জানান, উজ্জ্বল তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। বিজয় দিবসের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রবিবার গ্রামের বাড়িতে আসেন। মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত উজ্জ্বলকে সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাগরপুর থানা পুলিশ গ্রেফতার করে। স্বামীর গ্রেফতারের খবর শুনে স্ত্রী বিথী আক্তার ছেলে বিপ্লবকে বাড়িতে রেখে ওই রাতেই নাগরপুর থানায় স্বামীকে দেখতে যায়। থানা থেকে ফিরে বিথী আক্তার তার ছেলে বিল্পবকে বাড়িতে দেখতে পাচ্ছিলেন না। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজেও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পরের দিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বিথী আক্তার তার স্বামী উজ্জ্বল মিয়াকে জামিনে মুক্ত করার জন্য টাঙ্গাইলের আদালতে যান। অপরদিকে উপজেলার ধুবড়িয়ার কুষ্টিয়া বিলের পাশে সরিষাক্ষেতে ছেলে বিল্পবের গলাকাটা লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।
ওসি আলম চাঁদ বলেন, ‘দুর্র্বৃত্তরা সোমবার রাতে বিপ্লবকে গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ বিলের পাশে সরিষাক্ষেতে ফেলে রেখে যায়। পরে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
…বাসাইলসংবাদ/একেবি




