
বাসাইলসংবাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯:

নিউজ ডেস্ক : সাততলার ব্যালকনিতে চরম পর্যায়ের যোগব্যায়াম করতে গিয়ে নিচে পড়ে গেছেন মেক্সিকোর ২৩ বছর বয়সী এক তরুণী। তার নাম আলেক্সা টেরাজাস। তবে, ৮০ ফুট (সাত তলা) উপর থেকে পড়লেও বেঁচে আছেন দেশটির মনটেরি ইনস্টিটিউট অব টেকনোলোজি অ্যান্ড হায়ার এডুকেশনের হেলথ অ্যান্ড নিউট্রিশন বিভাগের এই ছাত্রী।
গত শনিবার ব্যালকনিতে যোগব্যায়াম করার সময় ব্যালকনি থেকে ছিটকে বাসার নিচের ফুটপাথে পড়ে যান আলেক্সা টেরাজাস। প্রতিবেশীরা বলেছেন, টেরাজাস পড়ে যাওয়ার আগে তারা তাকে আপসাইড-ডাউন ভঙ্গিতে ব্যায়াম করতে দেখেছিলেন। এর আগে তিনি এভাবে ব্যায়াম করতেন।
কিন্তু এবার পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছে। তাছাড়া তিনি মাথায়, হাতে ও নিতম্বে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা ১১ ঘণ্টা সময় ব্যয় করে তার পা পুনর্গঠন করেন। চিকিৎসকরা বলেছেন, এই তরুণীর পুনরায় হাঁটতে কমপক্ষে তিন বছর সময় লাগবে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার জন্য রক্ত চেয়েছিলেন। কিন্তু টেরাজাসের পরিবার বলেছে, আপাতত তাদের রক্তের প্রয়োজন নেই।
বাসাইলসংবাদ/একেবি




