
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বহুল আলোচিত টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনটি হাত ছাড়া হয়ে গেল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের। এই আসনটি তিনি জাতীয় ঐক্যফ্রন্টের জন্য ছেড়ে দিয়েছেন। দীর্ঘ সময় রাজনীতি করে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার স্বপ্ন ছিল নিজ এলাকার এমপি হওয়া। কিন্তু সেই স্বপ্ন এবারও পূরণ হচ্ছে না তার। তিনি এই আসন থেকে বিএনপির টিকিটে দুইবার নির্বাচন করে উল্লেখ্যযোগ্য ভোট পেয়ে হেরে যান। তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি এক সময় বিএনপি চেয়ারপাসনের রাজনীতিক উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিছেন।
এদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই আসন থেকে কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী এবং দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বুধবার (২৮ নভেম্বর) বিকেলে তারা এই মনোনয়নপত্র জমা দেন। তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি জেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা বলেন, ‘এই আসনটি ঐক্যফ্রন্টের জন্য দেওয়া হয়েছে। সেই কারণে আহমেদ আজম খান আসনটি থেকে বাদ পড়েছেন।’
বাসাইলসংবাদ/একে




