
নিজস্ব প্রতিবেদক : অগ্নিকাণ্ডের ১৬ দিন পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আংশিকভাবে চালু করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকেলে ১০টি বেডের মধ্যে চারটি বেড চালু করা হয়। ইতোমধ্যেই চারটি বেডেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, গত ১৫ জুলাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হয় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে। ওইদিন ইউনিটের ১০টি শয্যায় থাকা রোগীদের তাড়াহুড়ো করে হাসপাতালের বাইরে নিরাপদ স্থানে রাখা হয়। অক্সিজেন সাপোর্ট না পেয়ে অনেকে রোগীর অবস্থা অবনতি হয়। এমতাবস্থায় একাধিক রোগীকে অন্যত্র রেফার্ড করেন চিকিৎসকরা। এর মধ্যে ওইদিন বাইরে অনেকেরই মৃত্যু হয়। এই অগ্নিকাণ্ডের ১৬ দিন পর আংশিকভাবে আইসিইউ সেবা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, এই ১৬ দিনে জেলার মুমূর্ষু রোগীরা আইসিইউ সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এই সময়ে আইসিইউ সেবা বন্ধ থাকায় মুমূর্ষু রোগীদের অন্যত্র রেফার্ড করা হয়েছে। হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে অনেকেরই মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, ‘চারটি আইসিইউ চালু করা হয়েছে। বাকিগুলো চালু করতে একটু সময় লাগতে পারে।’
বাসাইলসংবাদ/ ০১ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




