
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে বৃদ্ধাশ্রমে স্ত্রীকে হত্যার প্রধান আসামী আফাজ উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলার আগএলাসিন গ্রামের তার নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

এরআগে গত ২০ আগস্ট উপজেলার কসবা আটিয়া গ্রামের বৃদ্ধাশ্রমের পুকুর থেকে ভাসমান অবস্থায় আফাজ উদ্দিনের স্ত্রী ভানু বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় মেয়ের জামাই আল আমিন বাদী হয়ে আফাজ উদ্দিনকে প্রধান আসামী করে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামী আফাজ উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’
তিনি আরও বলেন, গত ১৯ আগস্ট রাতের কোনও এক সময় আফাজ উদ্দিন তার স্ত্রী ভানু বেগমকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর লাশটি গুমের উদ্দেশে পুকুরে ফেলা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আফাজ উদ্দিনকে প্রধান করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। স্ত্রীকে হত্যার তিনদিন পর আফাজ উদ্দিন নিজেই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২৩ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




