
ক্রীড়া ডেস্ক : বিয়ে করলে কি ভাগ্য খুলে? সৌম্য সরকার ও লিটন দাসকে দেখার পর তো উত্তরটা ’হ্যাঁ’ হওয়ার কথা। লিটন তো আগেই বলেছেন বিয়ে করে মাথা খুলেছে তার। সেটা যে এমনি এমনি বলেননি তার প্রমান দিয়েছেন ওয়ানডে সিরিজেই। দুই ম্যাচে হাঁকিয়েছেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতেও বয়ে এনেছেন সেই ফর্ম।

লিটনের মতো আরেকজন নতুন বিবাহিতও হতাশ করেননি। রসিকতা করে বলা ওই কথাটা তিনিও যেন সত্যি প্রমান করতে পণ করেছেন। বহুদিন পর এমন নান্দনিক সব শট দেখা গেল সৌম্যের ব্যাটে। ৪ চার ও ৫ ছক্কায় ৩২ বলে ৬২ রান করেন তিনি।
তার আগে উড়ন্ত শুরু এসেছিল দুই ওপেনারের হাত ধরেই। তামিম তাও শুরুতে কিছুটা ধীরস্থির ছিলেন, কিন্তু লিটন রীতিমতো তুলোধোনা করেছেন জিম্বাবুয়ের বোলারদের। তার ব্যাটিং সৌন্দর্য আরেকবার উপভোগ করিয়েছেন দর্শকদের।
শিল্পীর তুলির আঁচড় দেয়ার মতো খেললেন সব শট। এমন লিটনের চার-ছয় দেখেই তো তৃষ্ণা মেটে ব্যাটিং সৌন্দর্য দেখার। ১৩তম ওভারের একেবারে শেষ বলে যখন দলের ১০৬ রানে ফিরেছেন সিকান্দার রাজার বলে। তার আগে ৫ চার ও ৩ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫৯ রান।
দলের বড় রানে অবদান আছে দুই সিনিয়র তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দেশসেরা ওপেনার ৩ চার আর ২ ছক্কায় করেছেন ৪১ রান। মুশফিক ৮ বলে বলে খেলেছেন ১৭ রানের ঝড় ইনিংস। বাংলাদেশ তাতে থেমেছে ঠিক ২০০ রানে।
যার জবাব দিতে নেমে শুরুতে বেশ আত্মবিশ্বাসী লাগছিল জিম্বাবুয়ের ওপেনার টিনাশে কামুনহুকামউইকে। মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভার থেকে টানা ২ চার হাঁকিয়েছিলেন তিনি। অন্যপ্রান্তে শুরু থেকে নড়বড়ে ছিলেন অভিজ্ঞ টেইলর। দ্বিতীয় ওভারের শেষ বলে ৫ বলে ১ রান করে তিনি ফিরে যান শফিউলের বলে।
এরপর উইকেটে এসে স্থায়ী হননি ক্রেইগ আরভিনও। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কামুনহুকামউই ফিরে যান ৪ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৮ রান করে। তারপর আর জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানই সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। অধিনায়ক শন উইলিয়ামস, রিচমন্ড মুতুমভাজি ও ডোনাল্ড তিরিপানো তিনজনই সমান ২০ রান করলেও বিশাল লক্ষ্য তাড়া করতে যা যথেষ্ট ছিল না।
বাংলাদেশের পক্ষে একটু খরুচে হলেও সফল বোলার তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও মুস্তাফিজুর রহামন। ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। আফিফ, শফিউল ও সাইফউদ্দিন পেয়েছেন একটি করে উইকেট। ১৫২ রানেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে, হেরেছে ৪৮ রানে।
…বাসাইলসংবাদ/ ১০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




