
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেলে সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, বিশ্ব মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগ থেকে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। জনগণের আশীর্বাদ ও বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের সেবা করতে চাই।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন করে এ দেশটাকে নতুন করে সাজিয়েছেন। ঠিক সেভাবেই আমিও বাসাইল-সখীপুরকে সাজাতে চাই। পরে তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক দিকগুলো গণমাধ্যমে জনগণের কাছে তুলে ধরার জন্য আহবান করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার বক্তব্য রাখেন।
এ সময় সখীপুর প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকর ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




