
বাসাইলসংবাদ: শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের করটিয়ায় স্কুলছাত্রী নাফিজা আক্তার (১৪)কে ট্রাক চাপায় পিষ্ট করে হত্যাকারী সেই ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। ওইদিন সন্ধ্যায় করটিয়া শহীদ মিনারের পেছনের মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ট্রাক ড্রাইভার মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মো. জুলহাস (৩৬)। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বাসাইলসংবাদকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি সায়েদুর রহমান বলেন, এ ঘটনার পর ঘাতক ড্রাইভার করটিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মিনারের পেছনের মার্কেটে আত্মগোপন করে। পরে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোচিং শেষে নাফিজা বাসায় ফিরছিল। সে করটিয়া বাজার এলাকা অতিক্রমের সময় ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধসহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত নাফিজা আক্তার বাসাইল উপজেলার কাশিল গ্রামের রানা মিয়ার মেয়ে এবং করটিয়া আবেদা খানম স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী।
বাসাইলসংবাদ/একে




