
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে উপজেলার কচুয়া বাজারের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালিত হয়। কচুয়া এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ব্যক্তিরা আধা ঘণ্টা সখীপুর-সাগরদিঘী-ঢাকা সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারে পুলিশকে সময়সীমা বেঁধে দেন। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় কিন্ডারগার্টেনের শতাধিক শিশু ও এলাকাবাসী অংশ নেন।
দুই শিশুকে ধর্ষণ মামলার আসামি সখীপুরের হায়দার আলী (৪৮)। তিনি উপজেলার কচুয়া বাজারের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে পার্শ¦বর্তী ভালুকা থানায় একটি ও সখীপুর থানায় প্রতারণাসহ আরও চারটি মামলা আছে।
বক্তারা জানান, গত ২২ জানুয়ারি বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে হায়দার আলী ৬ ও ৯ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ১ মার্চ এক শিশুর বাবা সখীপুর থানায় মামলা করেন। মামলা হওয়ার এক সপ্তাহ পার হলেও অভিযুক্ত ব্যবসায়ীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস সিকদার, কালিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও স্থানীয় ছাত্রলীগ নেতা দেওয়ান ফাহিম ফয়সাল।
সখীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে সাইদুল হক ভুইঁয়া বলেন, ‘গত মঙ্গলবার ওই দুই শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ মাঠে নেমেছে।’
বাসাইলসংবাদ/ ০৮ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




