
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক কলেজছাত্রকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই কলেজছাত্র রাজিব সিকদার (২৬) উপজেলার গজারিয়া গ্রামের মৃত হাতেম সিকদারের ছেলে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, রাজিব এক বছর ধরে মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বছর খানেক আগে এ নিয়ে একটি সালিসি বৈঠকও হয়েছে। পরে ছেলেটি নানাভাবে মেয়ের পরিবারকে হুমকি দিয়ে আসছিল। হুমকি সংবলিত একটি চিঠিও ভ্রাম্যমাণ আদালতের হাতে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে ছেলের পরিবারের দাবি, মেয়ে পক্ষই প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে ছেলেটি রাজি না হওয়ায় মেয়ের পক্ষ এ ঘটনা সাজিয়েছে।
আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘ছেলের বিরুদ্ধে মেয়েটির বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া যায়। পরে দায় স্বীকার করায় ওই যুবককে এক বছরের সাজা দেওয়া হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




