
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে গজারি বনে নিয়ে স্বামীর সামনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকায় আমাদের কলেজ সংলগ্ন গজারি বনে এ ঘটনা ঘটে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে স্বামী-স্ত্রী মিলে উপজেলার চাঁদের হাট এলাকায় আমাদের কলেজে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে তাদের পথরোধ করে কয়েকজন যুবক। এসময় ওই গৃহবধূ ও তার স্বামীকে আটক করে কলেজটির পাশে গজারি বনে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা চলে যায়। এরপর ওই গৃহবধূ তার স্বামীকে সঙ্গে নিয়ে সখীপুর থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানায়। পরে পুলিশ রাতেই অভিযুক্ত ৬জনকে আটক করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে ৬জনসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় ৬জনকে আটক করা হয়েছে। গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় মামলা করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে শারীরির পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ, ০৪ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




