
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস রোধে লকডাউন থাকায় টাঙ্গাইলের সখীপুরে শ্রমিক সংকট হয়ে পড়েছে। শ্রমিক সংকটের কারণে বৃদ্ধ

কৃষক আব্দুস কদ্দুস মিয়া তার ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন খবরে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামের দরিদ্র চাষী কদ্দুস মিয়ার বাড়িতে হাজির হন। পরে তারা ওই কৃষকের ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে দেন। ধানগুলো মাথায় করে নিয়ে তারা ওই কৃষকের বাড়িতে পৌঁছিয়ে দেয়। এই ধান কাটার উদ্যোগ নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘শ্রমিক সঙ্কটে বৃদ্ধ কদ্দুস মিয়া তার জমির পাকা ধান ঘরে তুলতে পারছে না শুনে আমরা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার ধান কেটে দেওয়ার উদ্দ্যোগ নিই। পরে আজ সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও কাকড়াজান ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ তার অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘শুধু কদ্দুস মিয়াই নয়, তার মতো উপজেলার অন্যান্য অসহায় কৃষকরা এমন সমস্যার কারনে ধান ঘরে তুলতে না পারলে আমরা ছাত্রলীগ যথাস্বাধ্য চেষ্টা করবো।’
…বাসাইলসংবাদ/ ২৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




