
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : শালিসি বৈঠকের মীমাংসার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের সখীপুরের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আ.লীগ নেতা বাবুল শিকদার উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ঝড় বইছে।

জানা যায়, প্রেমের সূত্র ধরে গত ১ জানুয়ারি উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া গ্রামের প্রবাসী কাজি বাবুলের স্ত্রী রোকশানা (২৮) সঙ্গে বংশীনগর দিঘীবাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে রোহান আহমেদের (১৭) অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় রাতে রোহান ওই বাড়িতে আসলে গ্রামের লোকজন আটক করে। পরে স্থানীয় আ.লীগ নেতা বাবুল শিকদারের নেতৃত্বে অবৈধ সম্পর্কের বিচ্ছেদের শর্তে ছেলে পক্ষকে দুই লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করে।
রোহানের দাদা সাবেক ইউপি সদস্য জামাল হোসেন জানান, সম্মান বাঁচাতে অবৈধ সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে আ.লীগ নেতা বাবুল শিকদারের হাতে দুই লাখ ৮৯ হাজার টাকা জমা দিয়েছি। কিন্তু ওই নেতা স্ট্যাম্পের লিখিত আপোষনামায় টাকা উল্লেখ করেননি। মীমংসার নামে কৌশলে প্রতারণা করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বাবুল শিকদার।
অভিযুক্ত বাবুল শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রীমহল আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র করছে। আমি এ ঘটনার সাথে জড়িত না।
…বাসাইলসংবাদ/ ১৫ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




