
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের গাড়ি বহরে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির বিক্ষোভ কর্মসূচির অনুষ্ঠান থেকে ফেরার সময় সখীপুর মুক্তার ফোয়ারা চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে সখীপুরের মুজিব কলেজ মোড়ে জ্বালানি তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রæব্যমূল্যের উর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, সরকারের লুটপাট-দুর্নীতির প্রতিবাদে এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি ছাড়াও টাঙ্গাইল জেলা বিএনপির শীর্ষ পদে থাকা নেতাকর্মীরাও এ অনুষ্ঠানে যোগ দেন।
বিএনপির এই অনুষ্ঠানটি প্রতিহত করতে সখীপুর পৌর আওয়ামী লীগের ব্যানারে পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করে। আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় বিএনপির নেতাকর্মীরা মুজিব কলেজ মোড়ে গিয়ে সমাবেশের আয়োজন করে। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষে সন্ধ্যায় ফেরার পথে সখীপুর মুক্তার ফোয়ারা চত্বরে পৌছালে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা অ্যাডভোকেট আযম খানের গাড়িতে হামলা চালায়। এসময় তার গাড়িটির গøাস ভেঙে ফেলা হয়। এছাড়াও কয়েকটি মোটরসাইকেলেও হামলা চালানো হয়। এ ঘটনায় ৪-৫জন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ তুলেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে, অ্যাডভোকেট আহমেদ আযম খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান।
বাসাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল করিম অটল বলেন, ‘আমরা সখীপুরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ করে বাসাইলে ফিরতেছিলাম। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের নেতা আহমেদ আযম খানকে মেরে ফেলার উদ্দেশ্যে তার গাড়িতে হামলা করে। এসময় টয়োটা প্রাডো গাড়িটির গ্লাস ভেঙে যায়। নেতার গাড়ি ছাড়াও আরও কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এঘটনায় ৪-৫জন নেতাকর্মী আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আল মামুন বলেন, ‘গতকাল পৌর আওয়ামী লীগের ব্যানারে মুক্তার ফোয়ারা চত্বরের পাশে ১৫ আগস্টের একটি শোকসভা চলছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে গাড়ি বহর নিয়ে যাচ্ছিল। পরে সভায় থাকা দু-একজন নেতাকর্মী গাড়িতে চেয়ার ছুড়ে মারে। এখানে বড় ধরণের কোনও ঘটনা ঘটেনি।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করেছে। সমাবেশ শেষে তারা ফেরার পথে সখীপুর মুক্তার ফোয়ারা চত্বরের পাশে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় কাছে পৌছালে বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দেয়। এসময় ছাত্রলীগের এক নেতা আযম খানের গাড়িতে একটি চেয়ার ছুড়ে মারে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসাইলসংবাদ/ ২৬ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




