
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে তিন উপজেলার সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা শনাক্তের হার বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী শনিবার অথবা রবিবার থেকে জেলার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তিন উপজেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হবে। উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুর।

সোমবার (১৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিঞা, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, ‘আগামী শনিবার আবার মিটিং করা হবে। যদি দেখা যায় এই তিন উপজেলায় করোনা শনাক্তের হার বৃদ্ধি অব্যাহত রয়েছে তাহলে লকডাউনের ঘোষণা করা হবে। সে অনুযায়ী রবিবার থেকে লকডাউন হতে পারে। আর যদি করোনা শনাক্তের হার কমে তাহলে লকডাউন হবে না।’
এদিকে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৩২জন। আর এদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৫জনের।
বাসাইলসংবাদ/ ১৫ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




