
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। রবিবার (১৭ অক্টোবর) সকালে বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় মাছের বাজারে ওঠানোর পর সেটি বিক্রি করা হয় ২৫ হাজার টাকায়।

জানা যায়, শনিবার রাতে উপজেলার গাবসারার কালিপুর গ্রামের ইব্রাহীম মিয়া নামের এক ব্যক্তি যমুনা নদীতে জাল ফেললে তার জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি। এরপর তিনি মাছটি গোবিন্দাসী ঘাটপাড় বাজারে ওঠান। এসময় স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমান। পরে আড়ৎদার ইসমাইল হোসেনের কাছে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
গোবিন্দাসী ঘাটপাড় মাছ বাজারের আড়ৎদার ইসমাইল হোসেন বলেন, ‘বাঘাইড় মাছটি ওই জেলের কাছ থেকে ২৩ হাজার টাকায় ক্রয় করি। এরপর সেটি বিক্রির জন্য দাম হাকা হয় ৩০ হাজার টাকা। পরে দরকষাকষির পর মাছটি বিক্রি করা হয় ২৫ হাজার টাকায়। স্থানীয় এক শিক্ষকসহ কয়েকজন মিলে মাছটি ক্রয় করেন। পরে তারা মাছটি কেটে ভাগ করে নিয়েছেন।’
মাছটির ক্রেতা শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, ‘যমুনা নদীতে মাঝেমধ্যেই বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে এতো বড় মাছ খুবই কম পাওয়া যায়। বাজার থেকে কয়েকজনে মিলে মাছটি ক্রয় করে বন্টন করে নিয়েছি।’
বাসাইলসংবাদ/ ১৭ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




