
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে বাড়ির বাইরে যাওয়ায় প্রবাস ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাইমহাটী প্রফেসর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাঈনুল হক এই অর্থদ- দেন।

অর্থদ-প্রাপ্ত প্রবাসী ফেরত জাকির হোসেন (৪০) পৌর শহরের বাইমহাটী প্রফেসর পাড়া গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। তিনি গত ৮ মার্চ সৌদি থেকে দেশে ফিরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক বলেন, ‘বিদেশ ফেরত প্রবাসীদের আমরা কঠোর নজরদারীতে রেখেছি। কেউ যদি হোম কোয়ারেন্টাইন অম্যান্য করে তবে সামনে আরও কঠিন সাজা দেওয়া হবে।’
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেব মতে মার্চ মাসের ১৮ তারিখ পর্যন্ত মির্জাপুরে ১৭১ জন প্রবাসী দেশে ফিরেছেন। এদের মধ্যে ৬৪ জনের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পূর্ণ হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৭জন। খাতা কলমের হিসেবে হোম কোয়ারেন্টাইনের এমন চিত্র অঙ্কিত হলেও উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে প্রবাসীদের উদাসীনতার। কেউ কেউ বুক ফুলিয়ে ঘুরছেন বাজার ঘাটে। কেউ কেউ আবার বিয়ের প্রস্ততিও নিচ্ছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ‘ব্যক্তি, পরিবার ও সামাজিক সচেতনতাই করোনা মোকাবেলা সবচেয়ে সহজ ও কার্যকরি উপায়।’ তাই হোম কোয়ারেন্টাইন মানার ক্ষেত্রে প্রবাসীদের আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
…বাসাইলসংবাদ/ ১৯ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




