
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে একটি ওয়ার্ডে গত ১৬ জুন থেকে শুরু হয়ে ২ জুলাই পর্যন্ত লকডাউন চলছিলো। তবে এই সময়সীমার পর লকডাউন উঠে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। বুধবার (১ জুলাই) বিকেলে মুঠোফোনে এই প্রতিবেদককে এ তথ্য জানান তিনি।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী জুন মাসে উপজেলায় করোনার প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে করোনার ব্যাপকতা ছিলো অনেকটাই বেশী। ফলে গত ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ১০ দিনের জন্য পৌরসভার এই ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। পরিস্থিতি অনুকূলে না আসায় ২৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত নতুন করে আরI ৭দিন লকডাউনের সময়সীমা বাড়ানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ‘লকডাউনের সময়ে আমরা কঠোরভাবে এটিকে কার্যকর করার চেষ্টা করেছি। সার্বিকভাবে সবাই সহযোগিতাও করেছে। লকডাউনকৃত এলাকার পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল। তবে লকডাউন উঠে গেলেও লকডাউন পরবর্তী সময়ে উপজেলাজুড়ে প্রশাসনের নজরদারি আগের মতোই থাকবে, মানতে হবে স্বাস্থ্যবিধিও।
উল্লেখ্য, এখন পর্যন্ত উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ২০২জন। মৃত্যুবরণ করছেন ৫জন। সর্বশেষ ২৯ জুনে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট সুস্থ হয়েছেন ৫২ জন।
…বাসাইলসংবাদ/ ০১ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




