
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে ধরলেন সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত ঢাকা হোমিও হলে রোগী সেজে তিনি ইব্রাহীম খলিল নামের ওই ভুয়া চিকিৎসককে আটক করেন। অভিযুক্ত ইব্রাহীম খলিল জামালপুর জেলার তারা শেখের ছেলে।

জানা যায়, ইব্রাহীম খলিল চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করে উপজেলার গোড়াইয়ে ঢাকা হোমিও হলে চিকিৎসা দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক নিজেই রোগী সেজে হাজির হন ওই কিøনিকে। সেখানে চিকিৎসক ইব্রাহীম খলিলের কাছে সনদপত্র দেখতে চান। কিন্তু তিনি দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করে ৩০ হাজর টাকা জরিমানা আদায় ও ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মঈনুল হক বলেন, ‘ভুয়া চিকিৎসক ইব্রাহিম খলিল দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে রোগী সেজে ওই ক্লিনিকে যাওয়া হয়। ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ৩০হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।’
…বাসাইলসংবাদ/০৪ জানুয়ারি/একেবি




