
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে সোমবার ও মঙ্গলবার টানা দুইদিনে নতুন করে করোনাভাইরাসে ১২জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে এই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯জনে। মঙ্গলবার (২৬ মে) এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

মঙ্গলবার (২৬ মে) যে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুই নারীসহ এক পরিবারেরই ৫জন রয়েছে বলে জানা গেছে। তাদের বাড়ি উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর শীতের চালা এলাকায়। ওই বাড়ীর গৃহবধূ সম্প্রতি কোনাবাড়ী থেকে জ্বর নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন। তাঁর মাধ্যমেই ওই পরিবারের ৪ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অপরজন উপজেলার ওয়ার্শী ইউনিয়নের বাসিন্দা। এর আগে ঈদের দিন অর্থাৎ সোমবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের একজন কনস্টেবল, ফতেপুর ইউনিয়নের কুরনী গ্রামের একজন, ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের একজন, বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একজন, আনাইতারা ইউনিয়নের ফতেপুর গ্রামের একজন এবং বানাইল ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের একজনসহ মোট ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত সবাইকে তাদের নিজ নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সতর্কতা হিসেবে মোট ১৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ২৬ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




