
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ঘরে ঘরে ঢুকে যাচ্ছে করোনাভাইরাস। উপজেলায় এই ভাইরাসের সংক্রমণ এমনভাবেই বৃদ্ধি পাচ্ছে যে গত ২৫ দিনেই সংক্রমিত হয়েছেন ৯৩ জন। এদেরমধ্যে সর্বশেষ শুক্রবার ( ১৯ জুন) নতুন করে আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১২ জুন পাঠানো ২৯টি নমুনার মধ্যে ১৫ জনের পজিটিভ এসেছে। ফলে উপজেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১১ জন। এর মধ্যে এক নারীসহ দুই পুরুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ২৯ জন।
জানা যায়, নতুন করে এই ভাইরাস শনাক্তদের মধ্যে মির্জাপুর থানার এক পুলিশ সদস্য, দুই নাতনিসহ শনাক্ত হয়েছেন পৌর সদরের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ও সাবেক ক্রীড়া সংগঠক, স্বস্ত্রীক আক্রান্ত হয়েছেন পৌর এলাকার এক বৃদ্ধ, মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ৩ জন, এছাড়াও গোড়াই এলাকায় গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মরত একজনসহ মির্জাপুর পৌর এলাকার আরও দুই বাসিন্দা। করোনায় সবচাইতে নাজুক অবস্থার মধ্যে রয়েছে মির্জাপুর পৌর এলাকা। বিগত কয়েকদিনে নতুন করে যারা শনাক্ত হচ্ছেন তাদের অধিকাংশই এই পৌরসভা এলাকার বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ‘মির্জাপুর পৌর এলাকায় সংক্রমণ রোধে ইতোমধ্যে জনবহুল ৩নং ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৯ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




