
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে শাহনাজ আক্তার চৈতী (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দুপুরের দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া এলাকায় গৃহবধূর শ্বশুরবাড়ীর উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, প্রায় দুই বছর আগে দেলদুয়ার উপজেলার ডুবাইল দক্ষিণপাড়া গ্রামে নানা বাচ্চু মিয়ার বাড়িতে বড় হওয়া শাহনাজ আক্তার চৈতী ভালোবেসে বিয়ে করেন উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের লাভলু মিয়ার ছেলে লাভু মিয়াকে। দাম্পত্য জীবনে তাদের ৩মাস বয়সী একটি সন্তানও রয়েছে।
নিহত চৈতীর পরিবারের অভিযোগ- যৌতুকের জন্য প্রতিনিয়তই শ্বশুরবাড়ীর লোকজন চৈতীর ওপর অত্যাচার চালাতো। গত ১৫-২০ দিন আগেও যৌতুকের দাবিতে তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ৫হাজার টাকা দিয়ে তাকে পুনরায় শ্বশুরবাড়ীতে পাঠানো হয়। এর আগেও চৈতীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে স্বামীর বাড়ির লোকজন।
ঘটনাস্থল পরিদর্শনকারী মির্জাপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান উকিল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়ণা তদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে বলেও তিনি জানান।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
…বাসাইলসংবাদ/ ২৭ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




