
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে আরও ১৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে উপজেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩জন মৃত্যুবরণ করলেন। যাদের একজন নারী ও দুইজন পুরুষ।

বুধবার (১৭ জুন) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
এছাড়া নতুন করে ১৩ জন করোনা শনাক্ত হওয়ার মধ্যদিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে, মৃত্যুবরণকারীদের মধ্যে একজন সদ্য লকডাউনকৃত পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। যিনি চিকিৎসাধীন অবস্থায় সাভারের একটি হাসপাতালে মৃতুবরণ করেন। অপরজন উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের বাসিন্দা যিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।
তবে, নতুন করে যে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জীবিত অবস্থায় তাদের করোনার ফলাফল পাওয়া যায়নি। মৃত্যুর পরই জানা গেছে তারা করোনা আক্রান্ত হয়েছিলেন। গত ৮ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে। নতুন শনাক্তদের আশেপাশের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি ক্রমেই অধিক খারাপ হয়ে যাচ্ছে তাই বরাবরের মতো সবাইকে অন্তত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
…বাসাইলসংবাদ/ ১৭ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




